রমজানের আগমনী বার্তা, প্রথম রোজার সম্ভাব্য হিসাব
আপডেটঃ ১১:১৬ পূর্বাহ্ণ | ডিসেম্বর ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
পবিত্র রমজান মুসলমানদের কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ ও বরকতময় মাসগুলোর একটি। বছর ঘুরে আবারও রমজান মাস আসতে চলেছে, আর তা নিয়ে ইতোমধ্যেই ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে প্রস্তুতির আবহ তৈরি হয়েছে। কবে থেকে শুরু হতে পারে রোজা—সে হিসাব ঘিরে আগ্রহও বাড়ছে প্রতিদিন।দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য সময় ধরা হচ্ছে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। ওই হিসাবে মধ্যপ্রাচ্যে প্রথম রোজা হতে পারে ১৯ ফেব্রুয়ারি। শুক্রবার ১২ ডিসেম্বর থেকে হিসাব করলে রোজা শুরুর সম্ভাব্য সময়ের আগে এখনও প্রায় ৬৯ থেকে ৭০ দিন বাকি রয়েছে।
সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ পালিত হয়। সে অনুযায়ী বাংলাদেশে ২০২৬ সালে রমজানের প্রথম দিন হতে পারে ২০ ফেব্রুয়ারি। আর চাঁদের হিসাব একইভাবে মিললে ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে ২১ মার্চ।ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম রোজা মুসলমানদের জন্য এক গুরুত্বপূর্ণ ইবাদত। রমজান মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সব ধরনের সংযম পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন ধর্মপ্রাণরা। এই ইবাদত মানুষের মধ্যে ধৈর্য, আত্মসংযম ও নৈতিকতার চর্চা জোরদার করে।
রমজান মাসকে আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে বর্ণনা করা হয়। এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। পাশাপাশি ক্ষুধা ও তৃষ্ণার অভিজ্ঞতার মাধ্যমে গরিব ও অসহায় মানুষের কষ্ট অনুভব করার সুযোগ তৈরি হয়, যা দান ও মানবিক সহানুভূতির মানসিকতা আরও গভীর করে তোলে।
IPCS News : Dhaka :

