মনোহরদীতে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির মালিকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ
আপডেটঃ ১২:২৬ অপরাহ্ণ | আগস্ট ০৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে ‘আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড’-এর মালিক আলম হোসেনের বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সমিতির ভুক্তভোগী সদস্যরা।সোমবার দুপুরে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের শেখের বাজারে সমিতির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে সদস্যরা জমাকৃত টাকা ফেরত এবং অভিযুক্তের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন।পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহানের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেন।
অভিযুক্ত আলম হোসেন কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে আলম হোসেন স্থানীয় মানুষকে ‘আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড’-এর সদস্য করেন।বর্তমানে সমিতির ৩০০ সদস্যের জমাকৃত অর্থের পরিমাণ প্রায় ৫ কোটি টাকা হলেও গত তিন বছর ধরে সদস্যদের কোনো ধরনের লভ্যাংশ দেওয়া হচ্ছে না।
তারা আরও অভিযোগ করেন, নিজেদের জমাকৃত অর্থ ফেরত চাইতে গেলে সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়।এমনকি কয়েকজন সদস্যকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিরও অভিযোগ তোলেন তারা।ভুক্তভোগীদের দাবি, জীবনের সঞ্চয় সমিতিতে জমা রেখে এখন তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।
অনেক পরিবারের সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে।তাই দ্রুত তাদের জমাকৃত অর্থ ফেরত, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।মানববন্ধনে সমিতির সদস্য শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন রোকন, মানিক মিয়া, আকাশ মিয়া, মাহমুদা বেগমসহ শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আলম হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

