মনোহরদীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের
আপডেটঃ ১২:৩৬ অপরাহ্ণ | আগস্ট ০২, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের নলুয়া চক মৌজায় পৈতৃক ও ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হাফিজপুর গ্রামের বাসিন্দা মো. মঞ্জুরুল হক (৬০)।অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করার পাশাপাশি ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।অভিযোগে অভিযুক্ত করা হয়েছে কাজী সাইদুল ইসলাম রনি (৩৫), কাজী জালাল উদ্দিন (৬২), কাজী জহিরুল ইসলাম (৩৮), কাজী আশরাফুল আলম রতন (৪৬), কাজী আওলাদ হোসেন (২৯) এবং আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে।তাদের সকলের বাড়ি মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের নলুয়া কাজীবাড়ি এলাকায়।
লিখিত অভিযোগে মো. মঞ্জুরুল হক উল্লেখ করেন, অভিযুক্তরা তার শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজন।দীর্ঘদিন ধরে তার স্ত্রী লুৎফুন্নাহারের ওয়ারিশসূত্রে প্রাপ্ত ও বৈধ সাব-কাওলা দলিলের মাধ্যমে ক্রয়কৃত জমি নিয়ে বিরোধ চলে আসছে।অভিযোগ অনুযায়ী, তার স্ত্রী দীর্ঘদিন ধরে জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখলে থাকলেও অভিযুক্তরা প্রভাব খাটিয়ে তাদের অনুপস্থিতিতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।দলিলপত্র যাচাই-বাছাই শেষে সালিশে জমির মালিকানা অভিযোগকারীর স্ত্রীর বলে সিদ্ধান্ত দেওয়া হলেও অভিযুক্তরা সেই সিদ্ধান্ত মেনে না নিয়ে জমি দখলের চেষ্টা অব্যাহত রাখেন।একই সঙ্গে অভিযোগকারী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযোগকারী দাবি করেন, অভিযুক্তদের মধ্যে একজন পুলিশ সদস্য হওয়ায় তার প্রভাব খাটিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।অভিযোগ অনুযায়ী, গত ৩১ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে অভিযোগকারী তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে বিরোধপূর্ণ জমিতে গেলে অভিযুক্তরা সেখানে উপস্থিত হয়ে বাধা দেন।
এ সময় তারা অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং দা, কোদালসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলার উদ্দেশ্যে তেড়ে আসেন।প্রাণভয়ে অভিযোগকারী ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থল থেকে চলে আসার পরও অভিযুক্তরা তাদের ধাওয়া করে ভবিষ্যতে জমিতে গেলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন এবং কোনো ধরনের সালিশ বা আপস-মীমাংসা মানবেন না বলেও জানিয়ে দেন।
মো. মঞ্জুরুল হক বলেন, অভিযুক্তদের কর্মকাণ্ডে যে কোনো সময় জমি দখল এবং বড় ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।এ কারণে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা শেষে তিনি মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।তাদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।

