সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে খাল পুনঃখনন প্রকল্পে ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত

আপডেটঃ ১২:২৮ অপরাহ্ণ | আগস্ট ০২, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদীর মনোহরদী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন (ইজিপিপি) কর্মসূচির অধীনে ২০২৫–২০২৬ অর্থবছরের খাল খনন, পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন।নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার পাশাপাশি বরাদ্দকৃত অর্থের প্রায় অর্ধেক সাশ্রয় করে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নজির স্থাপন করেছে উপজেলা প্রশাসন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় মহিষাখালী ও গঙ্গাজলী খালের খনন ও পুনঃখনন কাজ সম্পন্ন করা হয়েছে।

জেলা কর্ণধার কমিটির অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী মহিষাখালী খালের ১ দশমিক ৬২০ কিলোমিটার এবং গঙ্গাজলী খালের ২ দশমিক ১০০ কিলোমিটারসহ মোট ৩ দশমিক ৭২০ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে।সংশ্লিষ্টদের মতে, এ কাজের ফলে জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি, কৃষি উৎপাদন সম্প্রসারণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার ৯৫ লাখ ৮৭ হাজার ৩৩ টাকা বরাদ্দ দেয়।উপজেলা প্রশাসনের দক্ষ পরিকল্পনা, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং স্বচ্ছ বাস্তবায়নের মাধ্যমে ৪৭ লাখ ৬৫ হাজার ৯৯৬ টাকা সাশ্রয় হয়।সাশ্রয় হওয়া পুরো অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রকল্পের সমাপ্তি প্রতিবেদনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।স্থানীয়দের মতে, সরকারি প্রকল্প বাস্তবায়নে এ উদ্যোগ সুশাসন ও জবাবদিহিতার একটি ইতিবাচক উদাহরণ।মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম মোল্লা (বাবুল) বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পে অর্থ অপচয় বা অনিয়মের অভিযোগ প্রায়ই শোনা যায়।

সেখানে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করে বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়া সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।তিনি এ জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন, সংশ্লিষ্ট সব দপ্তরের আন্তরিক সহযোগিতা, মাঠপর্যায়ের নিবিড় তদারকি এবং পরিকল্পিত ব্যবস্থাপনার কারণেই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে।জনস্বার্থে নির্ধারিত মান বজায় রেখে সর্বোচ্চ সুফল নিশ্চিত করা এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই ছিল তাদের লক্ষ্য।

কাজ শেষে সাশ্রয় হওয়া অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।