বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

আপডেটঃ ৩:৩৪ অপরাহ্ণ | জুলাই ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদীর মনোহরদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বদরুল ইসলাম মোল্লা (বাবুল), উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।এ লক্ষ্যে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম আরও জোরদার করা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।এই ইতিবাচক ধারা অব্যাহত রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে বলেন, “মাদকের বিরুদ্ধে হোক সকলের ঐক্যবদ্ধ অবস্থান, গড়ে উঠুক নিরাপদ, শান্তিপূর্ণ ও সুন্দর মনোহরদী।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।