বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে ইউপি সদস্যের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ, আদালতে মামলা

আপডেটঃ ৩:২২ অপরাহ্ণ | জুলাই ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের এক ইউপি সদস্যের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে আদালতে মামলা করেছেন গোলাপ মিয়া (৫০) নামে এক ব্যক্তি।মামলায় তিনি অভিযোগ করেছেন, অভিযুক্ত ইউপি সদস্যের সঙ্গে তার স্ত্রীর অনৈতিক সম্পর্কের কারণে দীর্ঘদিন ধরে তিনি পারিবারিক অশান্তি, মানসিক যন্ত্রণা ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।মামলার বাদী গোলাপ মিয়া খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের মৃত মোমতাজ উদ্দিনের ছেলে।তার স্ত্রী রাজিয়া বেগমের বয়স ৪০ বছর।

মামলায় অভিযুক্ত করা হয়েছে একই ইউনিয়নের পাড়াতলা গ্রামের মৃত ইসমাইলের ছেলে ও ইউপি সদস্য দুলাল মিয়া (৪৫)-কে।বাদীর দাবি, আত্মীয়তার সম্পর্কের সুবাদে দুলাল মিয়া দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে যাতায়াত করতেন।সেই সুযোগে তার স্ত্রী রাজিয়া বেগমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

গোলাপ মিয়ার অভিযোগ, দুলাল মিয়ার কথায় বিশ্বাস করে তিনি নিজের ১০ শতাংশ জমি স্ত্রীর নামে লিখে দেন।এরপর থেকেই তার স্ত্রী তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন এবং দুলাল মিয়াও বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।গত প্রায় সাত বছর ধরে তিনি মানসিক কষ্ট ও পারিবারিক অশান্তির মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেন।

বাদীর আরও দাবি, অভিযুক্ত ইউপি সদস্য তার স্ত্রীকে মোটরসাইকেলে করে বিভিন্ন স্থানে নিয়ে যেতেন এবং তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে, যা এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।বিষয়টির প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় গোলাপ মিয়া আদালতের শরণাপন্ন হয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করছি।আমার সঙ্গে অন্যায় করা হয়েছে।আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ন্যায়বিচার চাই।

তবে এ প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো মামলার বাদীর বক্তব্য ও আদালতে দায়ের করা মামলার অভিযোগের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।আদালতে বিষয়টি বিচারাধীন থাকায় অভিযোগের সত্যতা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।