মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ভাঙ্গায় সহিংসতা: ফ্যাসিস্টদের গ্রেফতারে কঠোর নির্দেশ ডিআইজির

আপডেটঃ ১০:৫২ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

ফরিদপুরের ভাঙ্গায় সহিংস ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে পুলিশ ও প্রশাসন। ঘটনায় পুলিশের সদস্য আহত হওয়া, থানায় ভাঙচুর ও উপজেলা পরিষদ কমপ্লেক্সে অগ্নিসংযোগের মতো ঘটনায় কঠোর বার্তা দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক। তিনি জানিয়েছেন, ফ্যাসিস্ট কর্মকাণ্ডে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং গ্রেফতার করতে ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানা কমপ্লেক্সে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে আলাপ হয়েছে এবং তাদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “আজকের ঘটনায় আমাদের ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা এরই মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করেছি। ভাঙ্গা থানার যে ক্ষতি হয়েছে, তার দায়িত্ব জেলা পুলিশকে দেওয়া হয়েছে এবং উপজেলা পরিষদের ক্ষতির বিষয়টি জেলা প্রশাসক দেখবেন।”

অন্যদিকে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা জানান, সহিংসতার ঘটনায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও জানা যায়নি। তবে তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। ভাঙ্গার মানুষের আবেগ ও অনুভূতি বিবেচনায় নিয়ে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। কমিশন সেই বিষয়টি বিবেচনা করবে। এছাড়া ইউনিয়ন কেটে নেওয়ার বিষয়ে হাইকোর্টে রিট রয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। তখন পরিস্থিতি কোন দিকে যাবে, তা স্পষ্ট হবে।”

তিনি ভাঙ্গার সাধারণ মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “আমরা জনগণের আবেগ-অনুভূতি বুঝি। কিন্তু শান্তিপূর্ণভাবে অপেক্ষা করাই উত্তম। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তাই আন্দোলন থেকে ফিরে আসুন এবং সময়ের জন্য অপেক্ষা করুন।”ডিসি আরও বলেন, ক্ষয়ক্ষতির সঠিক হিসাব সরেজমিনে পরিদর্শনের পর জানানো হবে। তবে প্রাথমিকভাবে থানা ও উপজেলা পরিষদ কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ভাঙ্গার সাম্প্রতিক এই সহিংসতা নিয়ে স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান ও প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক করতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

IPCS News : Dhaka :