মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশে প্লট দুর্নীতি মামলা: টিউলিপ সিদ্দিক এর রায় ১ ডিসেম্বর, পাঁচ ব্রিটিশ আইনজীবীর আপত্তি

আপডেটঃ ১১:৪৪ পূর্বাহ্ণ | নভেম্বর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

বাংলাদেশের প্লট বরাদ্দ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ অন্যান্য আসামির রায় ঘোষণা করা হবে আগামী ১ ডিসেম্বর। চাঞ্চল্যকর এই মামলাকে যুক্তরাজ্যের পাঁচজন বিশিষ্ট আইনজীবী প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ করে বলেছেন এটি ‘সাজানো ও অন্যায্য’।ব্রিটেনে বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে পাঠানো এক চিঠিতে তারা অভিযোগ করেছেন, টিউলিপ সিদ্দিক এই মামলায় লড়াই করার ন্যূনতম অধিকারও পাননি। মামলাটি ‘পরিকল্পিতভাবে সাজানো’ হয়েছে বলেও উল্লেখ করেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

চিঠিতে স্বাক্ষর করা আইনজীবীদের মধ্যে রয়েছেন ব্রিটেনে পরিচিত নাম চেরি ব্লেয়ার কে সি, ফিলিপ স্যান্ডস কে সি, জিওফ্রে রবার্টসন কে সি-সহ আরও দুইজন। তাদের দাবিটিউলিপকে মামলার বিষয়ে আগে জানানো হয়নি, এবং তার আইনি প্রতিনিধিত্বের সুযোগ সীমিত করে দেওয়া হয়েছে। এমনকি তার নিয়োগকৃত আইনজীবীকে গৃহবন্দি করা হয়েছে এবং তার মেয়েকে হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।গত আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি পর টিউলিপ সিদ্দিক, তার মা ও ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে পূর্বাচলে প্রভাব খাটিয়ে বেআইনিভাবে প্লট নেওয়ার অভিযোগ আনা হয়। টিউলিপ অভিযোগ অস্বীকার করে বলেছেন তিনি কোনো বেআইনি সুবিধা নেননি।আইনজীবীদের মতে টিউলিপ একজন যুক্তরাজ্যের নাগরিক ও নির্বাচিত এমপি, তাই পর্যাপ্ত প্রমাণ ছাড়া তাকে প্রত্যার্পণের চেষ্টা ‘নৈতিকভাবে অগ্রহণযোগ্য’।তাদের ভাষায়, তিনি পলাতক নন, বরং স্বাভাবিকভাবে আইনি লড়াই করার অধিকার তার রয়েছে।

এই মামলার প্রভাব যুক্তরাজ্যেও বিস্তৃত হয়েছে। দুর্নীতির অভিযোগ ওঠার পর ব্যাপক সমালোচনার মুখে চলতি বছরের জানুয়ারিতে সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়ান টিউলিপ। তখন তিনি জানান সরকারের কাজে মনোযোগ দিতে চেয়েই পদত্যাগ করেছেন।এখন সকলের নজর ১ ডিসেম্বরের দিকে যেদিন এই মামলার রায় ঘোষণা হবে। মামলার রায়ের পর আন্তর্জাতিক মহলে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক উত্তাপ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

IPCS News : Dhaka :