দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত
আপডেটঃ ১২:১৭ অপরাহ্ণ | নভেম্বর ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ঘরের মাঠেই তৃতীয়বার হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে ভারত। ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ আড়াই দিনের মধ্যেই হেরে যাওয়ার পর গুয়াহাটি টেস্টেও চাপের মুখে রয়েছে গৌতম গম্ভীরের দল। দুই ম্যাচের সিরিজে ইতোমধ্যে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত এবারও ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখাতে পারছে না।
প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হাতে রেখেই এগিয়ে রয়েছে ৪০১ রানে। এ অবস্থায় ঋষভ পন্তদের সামনে চতুর্থ ইনিংসে বিশাল রান তাড়া করার কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ব্যর্থ হলে লজ্জাজনক হোয়াইটওয়াশের মুখ দেখবে ভারত, আর ইতিহাস গড়বে প্রোটিয়ারা।ভারতের ঘরের মাঠে টেস্ট সিরিজে এর আগে মাত্র দু’বার হোয়াইটওয়াশ হয়েছে। প্রথমবার ১৯৯৯-২০০০ মৌসুমে, যখন শচীন টেন্ডুলকারের নেতৃত্বে দুই ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ০-২ ব্যবধানে হেরেছিল ভারত। দ্বিতীয়বার এমন পরিস্থিতি তৈরি হয় গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে, যখন রোহিত শর্মার দল ০-৩ ব্যবধানে সিরিজ হারায়। উল্লেখযোগ্য বিষয় হলো, সেই সিরিজের কোচও ছিলেন বর্তমান কোচ গৌতম গম্ভীর।
ইতিহাস বলছে, ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ‘গোল্ডেন জুবিলি’ টেস্ট ম্যাচে ভারত পরাজিত হয়েছিল। তবে সেটি এক ম্যাচের সিরিজ হওয়ায় হোয়াইটওয়াশ হিসেবে ধরা হয় না।গুয়াহাটির ম্যাচেও যদি জয় ছিনিয়ে আনতে না পারে, তবে ভারতীয় ক্রিকেট ইতিহাসে আরেকটি অপ্রত্যাশিত অধ্যায় যুক্ত হবে। ঘরের মাঠে তৃতীয় ভুলের সাক্ষী হয়ে যেতে পারে গম্ভীরের দল।
একই সঙ্গে দক্ষিণ আফ্রিকা হবে বিশ্বের প্রথম দেশ, যারা ভারতের মাটিতে দুই দফায় টেস্ট হোয়াইটওয়াশের কীর্তি গড়বে।এখন প্রশ্ন শুধু একটাই—ভারত কি ঘুরে দাঁড়াবে, নাকি আরেকবার লজ্জার ইতিহাস রচিত হবে তাদেরই ঘরের মাঠে?
IPCS News : Dhaka :

