মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

টি-টোয়েন্টি থেকে আপাতত দূরে মেহেদী হাসান মিরাজ

আপডেটঃ ১২:২৪ অপরাহ্ণ | আগস্ট ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ

বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক এবং টেস্টে অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আপাতত টি-টোয়েন্টি ফরম্যাট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচকদের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ২৭ বছর বয়সি এই ডানহাতি অলরাউন্ডার।সম্প্রতি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নেন মিরাজ। এশিয়া কাপের দলেও জায়গা হয়নি তার। ফলে তাকে নিয়ে আলোচনা শুরু হয় ক্রিকেট মহলে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, মিরাজ নির্বাচকদের সঙ্গে আলাপ করে জানিয়েছেন যে, তিনি এখন কেবল টেস্ট ও ওয়ানডেতেই মনোযোগ দিতে চান। তবে দলের প্রয়োজনে টি-টোয়েন্টি খেলতে তিনি প্রস্তুত থাকবেন।এ বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন যে, মিরাজের সিদ্ধান্তে বোর্ডের সায় আছে। তিনি বলেন, “এটা আসলে আলাদা একটা ব্যাপার। বোর্ড হয়তো ভালো বলতে পারবে।”শনিবার এশিয়া কাপের দল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে লিপু আরও বলেন, “সাদা বল ও লাল বলে খেলার আবেদন ভিন্ন। মিরাজ আমাদের টেস্ট ও ওয়ানডের অন্যতম সেরা খেলোয়াড়। বিশ্ব তাকে অলরাউন্ড পারফরম্যান্সের কারণে চেনে। দলের প্রয়োজনে তাকে অবশ্যই টি-টোয়েন্টিতেও খেলতে হবে।”

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে মিরাজ ব্যাট ও বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি টেস্টেও তিনি নির্ভরযোগ্য পারফরমার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফরম্যাটভিত্তিক চাপ কমাতেই তিনি আপাতত টি-টোয়েন্টি থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

IPCS News : Dhaka :