রবিবার ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে তালবাহানা করলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

আপডেটঃ ১:০০ অপরাহ্ণ | জুলাই ২৫, ২০২৬

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত গণভোটে দেশের ৭০ ভাগ মানুষ জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের পক্ষে রায় দিয়েছে।বিএনপিও এই প্রক্রিয়ায় শুরু থেকে অন্তর্ভুক্ত ছিল।কিন্তু এখন ক্ষমতার মোহে অন্ধ হয়ে তারা গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের সার্বভৌম অভিপ্রায়কে অস্বীকার করে বিএনপি যদি আবার সেই পুরনো ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদের পথে হাঁটে, তবে রাজপথেই তাদের এই চক্রান্ত নস্যাৎ করা হবে।পাঁচ কোটি মানুষের রায়ে রাষ্ট্র সংস্কার সম্পন্ন করতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘জুলাই জাতীয় সনদ এবং গণভোট: জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সেমিনারে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।

অনুষ্ঠানটিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গত ফেব্রুয়ারির নির্বাচনের পর পাঁচ মাস পার হলেও দেশের মানুষ হতাশ।জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনে নির্বাচিত প্রতিনিধিদের সুযোগ না দিয়ে বিএনপি দলীয় লোকদের বসিয়েছে।

এতে প্রমাণ হয় ‘সবার আগে বাংলাদেশ’ নয়, বিএনপির কাছে ‘সবার আগে বিএনপি’।সংবিধান সংস্কার নিয়ে তিনি বলেন, সরকার সংবিধান সংশোধনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে।‘সংশোধন’ দিয়ে ফেসিবাদী কাঠামো বদলানো যায় না, তার জন্য প্রয়োজন ‘সংস্কার’।

সেমিনারে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি), অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল (এমপি) এবং জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান।

জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রূপম, এনসিপির জেলা আহ্বায়ক শামছুল মুক্তাদির, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপির) জেলা সভাপতি কৃষিবিদ মো. রুহুল আমীন।

এছাড়াও জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলার স্থানীয় সকল নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ সেমিনারে অংশগ্রহণ করেন।একই সাথে সেমিনারে জুলাই গণঅভ্যুত্থানে দিনাজপুর অঞ্চলের আত্মত্যাগকারী শহীদ পরিবারের সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।