অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহীতে বিভিন্ন অভিযোগে ১৪ জন গ্রেপ্তার
আপডেটঃ ১:৪৭ অপরাহ্ণ | ডিসেম্বর ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানাধীন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।বিশেষ অভিযানের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।একই সময় আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে আরও ১৩ জন আটক হন।গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি, পাঁচজন মাদক মামলার আসামি এবং বাকি চারজন অন্যান্য অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেপ্তার হওয়া প্রধান আসামি মো. আরিফ শেখ (৫২) রাজশাহী মোটর শ্রমিক লীগের জয়েন্ট সেক্রেটারি হিসেবে পরিচিত।তিনি বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত নওশাদ শেখের ছেলে।
আরএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত সব আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

