টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর উপজেলা ফুটবল দল।
আপডেটঃ ১২:৪৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুর্গাপুর উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর উপজেলা ফুটবল দল।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে মোহনপুর ও দুর্গাপুর উপজেলা দল ১-১ গোলে সমতায় থাকে।পরে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।টাইব্রেকারে মোহনপুর ৩-২ গোলে দুর্গাপুরকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।ফাইনালে দুর্গাপুর দলের পলাশ সর্বোচ্চ গোলদাতা ও অধিনায়ক জুবায়ের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
অন্যদিকে মোহনপুরের বাদল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং রায়হান সেরা গোলকিপার নির্বাচিত হন।ফাইনাল ম্যাচের ধারাবিবরণী বাংলাদেশ বেতার, রাজশাহী কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা হয়।খেলা শেষে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, খেলাধুলায় তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে বর্তমান সরকার নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি শুরু করেছে।এ ধরনের আয়োজনের মাধ্যমে ছেলে-মেয়েরা মাদক থেকে বিরত থাকবে এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, অধ্যাপক নজরুল ইসলাম, নারী সংসদ সদস্য মাহমুদা হাবিবা, নবাগত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী, ডিআইজি মো. আশিক সাঈদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়জুল কবীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহিনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল, এনডিসি মো. বোরহান উদ্দিন অন্তর, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা বিনতে আখতার, সহকারী কমিশনারবৃন্দ, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাদ্দেদ জামান সুমন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।

