রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণে পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস
আপডেটঃ ২:১৭ অপরাহ্ণ | জুলাই ৩০, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহীতে জেল সুপারগণের জন্য আয়োজিত ‘Leadership Development Training’ কর্মশালায় বিশেষ ক্লাস নিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।কর্মশালায় কারা ও পুলিশ বিভাগের সমন্বিত দায়িত্ব পালনে বিদ্যমান চ্যালেঞ্জ, নিরাপত্তা ব্যবস্থাপনা, গোয়েন্দা তথ্যের ব্যবহার এবং সংকট মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বুধবার (২৯ জুলাই) সকাল ১১টা ১০ মিনিটে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে এ বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়।
কারা ও পুলিশ বিভাগের সমন্বিত দায়িত্ব পালনে উদ্ভূত চ্যালেঞ্জ: নিরাপত্তা, হাজিরা/এসকর্ট, গোয়েন্দা তথ্য ও সংকট মোকাবিলায় করণীয়” শীর্ষক সেশনে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
প্রশিক্ষণে তিনি পুলিশ ও কারা বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে বিদ্যমান আইন ও বিধি-বিধানের আলোকে বন্দিদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আদালতে হাজিরা ও এসকর্ট কার্যক্রম, গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার এবং সংকটপূর্ণ পরিস্থিতিতে সমন্বিতভাবে দায়িত্ব পালনের বিভিন্ন কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেন।
পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ঝুঁকি মোকাবিলা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারা ও পুলিশ বিভাগের মধ্যে সময়োপযোগী তথ্য বিনিময়, পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ প্রশিক্ষণে কক্সবাজার, ফেনী-২, চাঁদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ-১, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, নেত্রকোণা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, মৌলভীবাজার ও পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপারগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা কারা ও পুলিশ বিভাগের মধ্যে বাস্তব অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাপনাকে অধিক সুসংহত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

