বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা জব্দ

আপডেটঃ ১:৪৯ অপরাহ্ণ | জুলাই ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।একই সঙ্গে মাদক বিক্রির অভিযোগে বিপুল পরিমাণ নগদ অর্থ ও ১১টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।আরএমপির কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা গত ২৮ জুলাই রাত পৌনে ৯টার দিকে হড়গ্রাম চারখুটা এলাকায় অভিযান চালিয়ে রাণীদিঘী মাঠপাড়া গ্রামের শ্রী পলান দাসের ছেলে শ্রী সনজিত কুমার (২৯)-কে গ্রেপ্তার করেন।

এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একই রাত সোয়া ১০টার দিকে হড়গ্রাম মুন্সীপাড়া এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে।

দ্বিতীয় অভিযানে মো. নাদিম হোসেনের স্ত্রী মোসা. আফরিন (২৫) এবং মো. মাহমুদুর রহমানের মেয়ে মোসা. সুইটি খাতুন (৪২)-কে গ্রেপ্তার করা হয়।এ সময় আফরিনের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পরে আফরিনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার ৩৯৯ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সনজিত কুমার ও আফরিন দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।অপরদিকে সুইটি খাতুন তাদের মাদক বিক্রয় কার্যক্রমে সহযোগিতা করতেন।

এ ঘটনায় গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

IPCS News : Dhaka : ​আরএমপি নিউজ : রাজশাহী।