রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
আপডেটঃ ১:৫৭ অপরাহ্ণ | জুলাই ২৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে আরও একটি সাফল্য পেয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযানের সময় তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আরএমপি সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই ২০২৬ তারিখ দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে রাজপাড়া থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
থানা ও ডিবি পুলিশের বাইরে গঠিত এই বিশেষ টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে রেললাইনের ধারে অবস্থান নিয়ে অভিযান চালায়।এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশি করলে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাজপাড়া থানার নবাবগঞ্জ ঘোষপাড়া গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. খোরশেদ আলম ওরফে সুজন (৪৬), একই থানার বাজে সিলিন্দা গ্রামের মো. শাহ মুদ্দীনের ছেলে মো. আসারুল শেখ (৪০) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপুর মোড়লপাড়া গ্রামের মো. আব্দুল বারির ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার সিটি কলেজের সামনে তন্নী প্যালেসে বসবাসকারী মো. আল রাফি (২০)।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।পরবর্তীতে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়।
মহানগরীতে মাদক নির্মূলে আরএমপির বিশেষ মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে বলে পুলিশ জানিয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

