জেন-জি বিক্ষোভ ঠেকাতে মুম্বাই পুলিশের নতুন নজরদারি, শিক্ষার্থীদের ফোন ও লাইভ লোকেশন চাওয়ার অভিযোগ
আপডেটঃ ৩:২২ অপরাহ্ণ | জুলাই ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
ভারতে চলমান জেন-জি বিক্ষোভে শিক্ষার্থীদের পুনরায় আন্দোলনে অংশগ্রহণ ঠেকাতে নতুন ধরনের নজরদারি কৌশল গ্রহণের অভিযোগ উঠেছে মুম্বাই পুলিশের বিরুদ্ধে।বিক্ষোভে জড়িত বা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের স্থানীয় থানা থেকে ফোন করা, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করতে বলা এবং বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।বিষয়টি নিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ককরোচ জনতা পার্টি (সিজেপি) সমর্থিত শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে মুম্বাইয়ের শিবাজি পার্ক, চেম্বুর ও আজাদ ময়দানসহ বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে বিক্ষোভ চলছে।এর পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় পর্যায়ে আন্দোলনকারীদের ওপর সরাসরি যোগাযোগভিত্তিক নজরদারি বাড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিশেষ করে যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে আগে থেকেই মামলা (এফআইআর) রয়েছে অথবা আইনি নোটিশ দেওয়া হয়েছে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে পুলিশ।বিক্ষোভে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী দাবি করেছেন, স্থানীয় থানা থেকে ফোন ও বার্তা পাঠিয়ে তাদের বাড়িতে অবস্থান করতে বলা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি স্ক্রিনশটেও দেখা গেছে, কয়েকজন পুলিশ কর্মকর্তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত লাইভ লোকেশন শেয়ার করতে নির্দেশ দিয়েছেন, যাতে তারা বাড়িতে আছেন কি না তা পর্যবেক্ষণ করা যায়।
এদিকে মুম্বাই ও আশপাশের বিভিন্ন এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের বাড়িতে ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্যদেরও যেতে দেখা গেছে।তারা পরিবারের সদস্যদের চলমান তদন্ত সম্পর্কে অবহিত করছেন এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভবিষ্যতে কোনো জনসমাবেশ বা বিক্ষোভে অংশ না নেওয়ার পরামর্শ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
তবে এ বিষয়ে মুম্বাই পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হয়নি।অন্যদিকে শিক্ষার্থী সংগঠনগুলোর দাবি, এ ধরনের পদক্ষেপ ব্যক্তিস্বাধীনতা ও শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকারের পরিপন্থী এবং আন্দোলন দমনের উদ্দেশ্যেই এসব নজরদারি চালানো হচ্ছে।
IPCS News : Dhaka :

