বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, হেরোইন-ইয়াবা ও নগদ অর্থ জব্দ

আপডেটঃ ১২:৪১ অপরাহ্ণ | জুলাই ২২, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও পবা থানা পুলিশ।অভিযানে তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আরএমপি সূত্র জানায়, গত ২০ জুলাই রাত আনুমানিক পৌনে ১১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ রাজপাড়া থানার বহরমপুর এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার রোকন উদ্দিনের ছেলে মো. সেন্টু মিয়া (৫৫) এবং তার স্ত্রী মিতা পারভীনকে (৪৫) গ্রেপ্তার করে।এ সময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ দশমিক ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।পাশাপাশি মাদক বিক্রির ২ হাজার ৮৬০ টাকা নগদ জব্দ করা হয়।

একই দিন রাত আনুমানিক পৌনে ৪টার দিকে পবা থানা পুলিশ পিল্লাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে শাহমখদুম থানার নতুন ফুদকিপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে, বর্তমানে কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা মো. হাসিবুল ইসলামকে (৪৬) গ্রেপ্তার করে।তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৬০০ টাকা নগদ উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক পূর্বের অপরাধের রেকর্ড রয়েছে।হাসিবুল ইসলামের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলাসহ আরএমপির বিভিন্ন থানায় পেনাল কোড, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও ১১টি মামলা রয়েছে।

অন্যদিকে সেন্টু মিয়ার বিরুদ্ধে রাজপাড়া থানায় তিনটি এবং গোদাগাড়ী থানায় একটি মাদক মামলা রয়েছে।তার স্ত্রী মিতা পারভীনের বিরুদ্ধেও রাজপাড়া থানায় একটি পেনাল কোড মামলা এবং দুটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

আরএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।মহানগরীতে মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ: রাজশাহী।