মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজ যুবক আনারুল ইসলাম সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

আপডেটঃ ১২:১১ অপরাহ্ণ | নভেম্বর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়াপাড়া গ্রামের যুবক আনারুল ইসলাম (২৮) প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন।গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখে তার শশুর বাড়িতে বেড়াতে গিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ মিলছে না।পরিবার জানায়,নিখোঁজের সময় আনারুলের পরনে ছিল নেভি রঙের ফুলহাতা শার্ট ও লুঙ্গি।

মানসিকভাবে তিনি কিছুটা অস্থির প্রকৃতির ছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।ঘটনার পর আনারুলের ছোট ভাই মোঃ নাজমুল ধর্মপাশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।পরিবার ও স্বজনরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করলেও কোথাও আনারুলের সন্ধান পাওয়া যায়নি।

পরিবার জানায়, আনারুল ২২ অক্টোবর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজধরপুর গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যান।২৬ অক্টোবর তাঁর স্ত্রী পরিবারের সদস্যদের জানান যে তাঁরা মোহনগঞ্জ স্টেশন থেকে ট্রেনে করে আনারুলকে বাড়িতে পৌঁছে দিচ্ছেন।কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সন্দেহ দেখা দেয়।

পরে যোগাযোগ করা হলে স্ত্রী জানান, তারা নাকি আনারুলকে নেত্রকোণা রেলস্টেশনে নামিয়ে দিয়ে গেছেন।এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।এ অবস্থায় আজ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে আনারুল ইসলামের পরিবার।

সংবাদ সম্মেলনে তাঁরা প্রভাবশালী মহল, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।পরিবারের পক্ষ থেকে জানানো হয়,যদি কোনো হৃদয়বান ব্যক্তি আনারুল ইসলামের সন্ধান পান বা তাঁর অবস্থান সম্পর্কে তথ্য জানেন,তাহলে অনুগ্রহ করে ০১৮৬৭-২২৮৩১৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

নিখোঁজ যুবকের নিরাপদ ও দ্রুত ফিরে আসার জন্য পরিবার সকলের দোয়া ও আন্তরিক সহায়তা কামনা করেছে।

IPCS News : Dhaka :  শহীদুল ইসলাম : নেত্রকোনা।