মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতায় পর্যবেক্ষকদের সক্রিয় ভূমিকা চাইল ইসি

আপডেটঃ ১১:৫০ পূর্বাহ্ণ | নভেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, কমিশনের একমাত্র লক্ষ্য হলো জাতিকে একটি ‘বিশ্বাসযোগ্য নির্বাচন’ উপহার দেওয়া, আর তা সম্ভব হবে সব পক্ষের সহযোগিতার মাধ্যমে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপ শুরু হয় নির্বাচন কমিশনের উদ্যোগে।উদ্বোধনী বক্তব্যে সিইসি নাসির উদ্দিন পর্যবেক্ষকদের কমিশনের ‘সহযোগী শক্তি’ হিসেবে কাজ করার আহ্বান জানান।তিনি বলেন, একটি সফল নির্বাচন আয়োজন কমিশনের দায়িত্ব হলেও তা বাস্তবায়নের জন্য প্রয়োজন সমন্বিত সহযোগিতা। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে আরও উন্নত করার প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।সিইসি ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন।বক্তব্যে তিনি দুটি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন প্রথমত, নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোকে যথাযথ প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তা; দ্বিতীয়ত, পর্যবেক্ষক হিসেবে যাদের মাঠে পাঠানো হবে, তারা যেন কোনো রাজনৈতিক দল বা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত না থাকেন, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা।

নির্বাচনকে সর্বস্তরের মানুষের আস্থা অর্জনের মতো করে উপস্থাপন করাই কমিশনের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন সিইসি। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে।

IPCS News : Dhaka :