হাসিনা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি মামুন
আপডেটঃ ১০:৩৩ পূর্বাহ্ণ | নভেম্বর ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
সোমবার সকাল সাড়ে আটটার দিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলার প্রধান আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে, ফলে তারা পলাতক আসামি হিসেবে উল্লেখিত।গত ২৩ অক্টোবর প্রসিকিউশন ও ডিফেন্সের যুক্তিতর্ক শেষ হওয়ায় ট্রাইব্যুনাল রায় ঘোষণা অপেক্ষমাণ রাখে এবং জানায় যে ১৩ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে। সেই ধারাবাহিকতায় গত ১৩ নভেম্বর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা আজ ১৭ নভেম্বরকে রায় ঘোষণার দিন হিসেবে চূড়ান্ত করেন।
মামলাটিতে রাষ্ট্রপক্ষ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে সর্বোচ্চ দণ্ড মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন জানায়। অপরদিকে, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন দুই আসামির পক্ষ থেকে বেকসুর খালাস প্রার্থনা করেন।রায়কে ঘিরে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএন থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন রয়েছে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও টহল জোরদার করেছেন। রোববার সন্ধ্যা থেকে দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলও সীমিত করা হয়েছে নিরাপত্তার স্বার্থে।
IPCS News : Dhaka :

