মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজনৈতিক কর্মসূচিতে জনভোগান্তি এড়াতে ৯১টি বিকল্প স্থানের প্রস্তাব দিল ডিএমপি

আপডেটঃ ১২:১৬ অপরাহ্ণ | আগস্ট ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেন তারা ব্যস্ত সড়ক পরিহার করে বিকল্প স্থানে সভা-সমাবেশ আয়োজন করেন। এতে জনভোগান্তি এড়ানো সম্ভব হবে বলে তিনি মনে করেন।শনিবার (২৩ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় এবং মহানগর নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ অনুরোধ জানান তিনি। এসময় কমিশনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডিএমপির প্রস্তুতির বিষয়েও বিস্তারিত তুলে ধরেন।

সাজ্জাত আলী বলেন, নির্বাচনের সময় সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তবে রাজনৈতিক দলগুলোকে জনস্বার্থের কথা বিবেচনা করে ব্যস্ত সড়ক, জনবহুল মোড় কিংবা যান চলাচলের পথে কর্মসূচি না করার অনুরোধ করা হচ্ছে। তিনি বলেন, “রাস্তা বন্ধ থাকার কারণে গর্ভবতী মহিলা, মুমূর্ষু রোগী বা পরীক্ষার্থী সঠিক সময়ে হাসপাতালে বা পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারেন না। এ পরিস্থিতি থেকে উত্তরণ অত্যন্ত জরুরি।”ডিএমপি কমিশনার সভা-সমাবেশের জন্য ৯১টি বিকল্প স্থানের প্রস্তাবও দেন। এর মধ্যে মতিঝিল বিভাগে ১৫টি, তেজগাঁও বিভাগে ১২টি, লালবাগ বিভাগে ১৭টি, ওয়ারী বিভাগে ১৪টি, গুলশান বিভাগে আটটি, মিরপুর বিভাগে ১১টি, উত্তরা বিভাগে ১০টি এবং রমনা বিভাগে চারটি স্থান প্রস্তাব করা হয়েছে।সভায় অংশ নেওয়া রাজনৈতিক নেতারা নগরীর প্রধান সমস্যা যানজট, মাদক বিস্তার, কিশোর গ্যাংয়ের উৎপাতসহ নানা বিষয় তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে পুলিশের প্রতি সহযোগিতার আশ্বাস দেন। তারা বলেন, “ঢাকা মহানগরের প্রতিটি নাগরিক যেন নিরাপদে, শান্তিতে বসবাস করতে পারেন—এটাই আমাদের মূল লক্ষ্য।” পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে যেকোনো নাশকতার বিষয়ে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মো. সরওয়ার সভায় জানান, যানজট নিরসনে ডিএমপি নিরলসভাবে কাজ করছে। তবে কেবল পুলিশ নয়, ঢাকায় ট্র্যাফিক ব্যবস্থাপনার সঙ্গে আরও ২৫টি সংস্থা জড়িত। সম্মিলিত প্রচেষ্টায় সমস্যার সমাধান সম্ভব হবে।অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, “দীর্ঘদিন পর একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন। আমরা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার মাধ্যমে পুলিশ বাহিনীর মানমর্যাদা পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা শেষে রাজনৈতিক নেতাদের পক্ষ থেকেও ঢাকা মহানগর পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

IPCS News : Dhaka :