বিএসএফের জালে শেখ হাসিনার ঘনিষ্ঠ বাংলাদেশি পুলিশ অফিসার
আপডেটঃ ১২:০৬ অপরাহ্ণ | আগস্ট ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার বিকালে বিএসএফের বিশেষ গোয়েন্দা শাখা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের হাকিমপুরের তেঁতুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।পরে রাতেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়।মোহাম্মদ আরিফুজ্জামান ময়মনসিংহের মুক্তাগাছায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ২ নম্বর ব্যাটালিয়নে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তা ও নেতাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়।সেই আতঙ্ক থেকেই আরিফুজ্জামান সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন বলে অভিযোগ উঠেছে।তিনি আত্মগোপনের জন্য স্বরূপনগরের তেঁতুলিয়ায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ ওই এলাকায় অভিযান চালায়।বিশেষ গোয়েন্দা শাখার সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। এ সময় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।পরে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রণালয় এরই মধ্যে দীর্ঘদিন দায়িত্বে অনুপস্থিত থাকার কারণে তাকে সাময়িক বরখাস্ত করে।গত ১৭ আগস্ট এ সংক্রান্ত আদেশ জারি হয়।ফলে সরকারি পদ থেকেও কার্যত তার ছিটকে পড়া নিশ্চিত হয়।অভিযান ও আটক হওয়ার ঘটনায় সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ ঘনিষ্ঠ একজন পুলিশ কর্মকর্তার এভাবে ধরা পড়া সীমান্ত পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে।এ ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা শুরু হয়েছে।
এর আগে চলতি বছরের জুন মাসে একই জেলার জগদ্দল থেকে বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার হাসান আরাফাত আবিদ এবং দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছিল বিএসএফ। তবে বৈধভাবে ভারতে প্রবেশের প্রমাণ মেলায় পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়। এবার আরিফুজ্জামানের আটক হওয়া বিষয়টিকে আরও ভিন্নমাত্রা এনে দিয়েছে।
IPCS News : Dhaka :

