মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেটঃ ১২:১৬ অপরাহ্ণ | জুলাই ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, দিনাজপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে দেশে দীর্ঘদিন ধরে ব্যক্তি উদ্যোগে পরিচালিত ১৭৭২টি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়কে স্বীকৃতি ও এমপিওভুক্ত করার প্রক্রিয়া চলছে।২০১৯ সালের ২০ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এবং অনলাইনে আবেদন আহ্বান করে।

পরবর্তীতে ২৭৪১টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করলে, প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৭৭২টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়।স্মারকলিপিতে আরও বলা হয়, এই বিদ্যালয়গুলো বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯ অনুযায়ী ক, খ ও গ শ্রেণিতে বিভক্ত করা হয় এবং ক শ্রেণিভুক্ত বিদ্যালয় গুলোর পরিদর্শন কার্যক্রম শুরু হলেও তা ধীর গতিতে অগ্রসর হচ্ছে।

ফলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন এবং শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।মানববন্ধনে বক্তারা দ্রুত এসব বিদ্যালয়কে স্বীকৃতি ও এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আতাউর রহমান সবুজ এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ ইয়াকুব আলী।

বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইলিয়াস রাজ, সাধারণ সম্পাদক রিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক আকুল শেখ, মুখ্য সমন্বয়ক গাওসুল আযম শিমু, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, মোঃ শরিফুল ইসলাম স্বাধীন, শ্যামল কুমার প্রমুখ।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।