রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটঃ ১:৪২ অপরাহ্ণ | আগস্ট ০১, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদীর মনোহরদী উপজেলায় নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় উইমেন এগেইনস্ট ভায়োলেন্স এভরিহোয়ার (ওয়েভ)-এর উদ্যোগে উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে সভাপতিত্ব করেন ওয়েভ-এর যুগ্ম সমন্বয়কারী নারগিস আক্তার।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

একই সঙ্গে নারীর নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা শুধু ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়, এটি সমাজের সামগ্রিক অগ্রগতির অন্তরায়।

এ ধরনের অপরাধ প্রতিরোধে সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর সদস্যরা অংশগ্রহণ করেন।তারা নারী নির্যাতনমুক্ত, নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।