রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
আপডেটঃ ১২:৩৪ অপরাহ্ণ | নভেম্বর ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে তিন দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র।
এ অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে অনেক কৃতী খেলোয়াড় উঠে এসেছেন, যারা দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও রাজশাহীর সুনাম ও মর্যাদা বৃদ্ধি করেছেন।রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় ও অতিথিপরায়ণ।প্রতিযোগিতায় অংশ নিতে আসা খেলোয়াড়দের পাশাপাশি আগত অতিথিরা এ নগরীর সৌন্দর্য ও দর্শনীয় স্থানগুলো উপভোগ করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে দেশের তরুণ সমাজকে এগিয়ে নিতে কাজ করছেন।তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা আরও সমুন্নত করতে সরকার কাজ করছে।পারস্পরিক বন্ধুত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীর রয়েছে সমৃদ্ধ ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য।এ ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া আয়োজনের অন্যতম কেন্দ্রে পরিণত করতে চায় সিটি করপোরেশন।এ লক্ষ্য বাস্তবায়নে নগরীর ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, খেলাধুলাকে শুধু শখের মধ্যে সীমাবদ্ধ না রেখে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।একজন খেলোয়াড় যেন নিজের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন, সেই পরিবেশ তৈরি করা প্রয়োজন।খেলাধুলা পেশা হিসেবে প্রতিষ্ঠা পেলে খেলোয়াড় ও তাঁদের পরিবার উভয়ই উপকৃত হবেন।
রাজশাহী সিটি করপোরেশনের ক্রীড়াঙ্গনের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রশাসক আরও জানান, নগরীতে ২১টি খেলার মাঠ ও ১৬টি টার্ফ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।পাশাপাশি ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীতে খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারিত হবে এবং নতুন প্রজন্ম ক্রীড়াচর্চায় উৎসাহিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল আলীম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চা আরও বিস্তৃত হবে বলে আয়োজকেরা আশা করছেন।উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka: বাবুল : রাজশাহী।

