বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রিয়াদের পর এবার দাহরান ও জেদ্দায় আসছে মদের দোকান

আপডেটঃ ১২:০৯ অপরাহ্ণ | নভেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

সৌদি আরবে অমুসলিম কূটনীতিক এবং বিদেশি কর্মীদের জন্য আরও দুটি মদের দোকান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্বাঞ্চলীয় রাজ্য দাহরান এবং জেদ্দা শহরে এসব দোকান খুলতে প্রস্তুতি চলছে। দেশটির ডি-ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে এই পরিকল্পনাকে আরেকটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গত বছর রিয়াদের কূটনৈতিক এলাকায় “বুজ বাংকার” নামের একটি মদের দোকান চালু করে সৌদি আরব, যা ছিল ৭৩ বছর আগে নিষেধাজ্ঞা জারির পর দেশের প্রথম আনুষ্ঠানিক মদের দোকান। এবার দাহরানে একটি দোকান চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা মূলত সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি আরামকোর অমুসলিম কর্মীদের জন্য হবে। সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আরামকো কর্তৃপক্ষ এ পরিকল্পনার বিষয়ে ইতোমধ্যে অবহিত হয়েছে।অন্যদিকে জেদ্দা শহরে কূটনীতিকদের জন্য তৃতীয় একটি দোকান চালুর কাজও এগিয়ে চলছে। শহরটিতে অসংখ্য বিদেশি দূতাবাস ও কনসালেট রয়েছে, ফলে সেখানে এমন দোকান চালুর প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে। দুটি দোকান ২০২৬ সালে চালু করার লক্ষ্য নির্ধারণ করা হলেও, আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ এখনো ঘোষণা করেনি সৌদি কর্তৃপক্ষ।

তবে এই বিষয়ে দেশটির সরকারি গণমাধ্যম অফিস কিংবা আরামকো কোনো মন্তব্য করেনি। এর আগেও রিয়াদের দোকান চালুর সময় আনুষ্ঠানিকভাবে আইন পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়নি। পরবর্তীতে ওই দোকানের গ্রাহক তালিকায় সৌদির অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্সি–ধারীদেরও অন্তর্ভুক্ত করা হয়। বিশেষ দক্ষতা, বড় বিনিয়োগ এবং উদ্যোক্তা পরিচয়ের ভিত্তিতে এই রেসিডেন্সি প্রদান করা হয়।

রিয়াদের দোকান চালুর আগে সৌদিতে কেবল কূটনৈতিক মেইল, কালোবাজার বা ঘরোয়া উপায়ে মদ পাওয়া যেত। কুয়েত ছাড়া উপসাগরীয় দেশের বেশির ভাগ জায়গায় সীমিত পরিসরে মদ বিক্রি অনুমোদিত হলেও সৌদি আরবে এটি দীর্ঘদিন কঠোরভাবে নিষিদ্ধ ছিল।বিশ্লেষকরা মনে করছেন, সৌদি আরবে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের যে ঢেউ উঠেছে, নতুন এসব উদ্যোগ তারই ধারাবাহিকতা। ভিশন–২০৩০ বাস্তবায়নে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এই পদক্ষেপ আরও বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

IPCS News : Dhaka :