জুলাই সনদ বাস্তবায়নে তিন দিনের আন্দোলনে জামায়াতসহ সাত দল
আপডেটঃ ১১:৩৫ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকার রাজপথে ফের নেমে আসছে জামায়াতসহ সাতটি ইসলামপন্থী রাজনৈতিক দল। আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে তিন দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে তারা। কর্মসূচির মূল দাবি জুলাই সনদ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন।অংশগ্রহণকারী দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
প্রথম দিনের কর্মসূচি হিসেবে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ককে ঘিরেই মূল কর্মসূচিগুলো নেওয়া হয়েছে।জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকের সামনে সমাবেশ করবে জামায়াত। নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সেখানে বক্তব্য রাখবেন। সমাবেশ শেষে মিছিলটি শাহবাগ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে।ইসলামী আন্দোলন বাংলাদেশ জোহরের পর উত্তর প্রাঙ্গণ থেকে মিছিল করবে, নেতৃত্ব দেবেন জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। আসরের নামাজ শেষে একই স্থান থেকে খেলাফত মজলিসের মিছিল বের হবে, নেতৃত্বে থাকবেন আমির মাওলানা মামুনুল হক।
এছাড়া খেলাফত মজলিস বিকাল ৩টায় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে। একই সময়ে সেখানে বিক্ষোভে অংশ নেবে বাংলাদেশ খেলাফত আন্দোলনও। বিকেল ৪টায় প্রেস ক্লাব এলাকায় অবস্থান নেবে নেজামে ইসলাম পার্টি, আর বিজয়নগরে পানির ট্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাগপা।
যদিও প্রতিটি দল ভিন্ন ভিন্ন দফা দাবি তুলেছে—কেউ পাঁচ, কেউ ছয়, কেউবা সাত দফা। তবে সবার মূল বক্তব্য প্রায় এক: জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, অনুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং বিগত সরকারের ‘গণহত্যা, জুলুম ও দুর্নীতি’র বিচার। একই সঙ্গে জাতীয় পার্টি ও ১৪-দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানানো হয়েছে।
IPCS News : Dhaka :

