আমীরে জামায়াতের বীরগঞ্জে পথসভা: “কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ঐক্যের আহ্বান”
আপডেটঃ ১১:০২ পূর্বাহ্ণ | ডিসেম্বর ৩১, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সোমবার দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক পথসভায় জাতিকে কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশকে সম্ভাবনাময় একটি রাষ্ট্রে রূপান্তরিত করা হবে।”
তিনি আরও বলেন, “পতিত স্বৈরাচারী সরকার দেশের প্রতিটি অঙ্গকে দুর্নীতিগ্রস্ত করেছে এবং গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। দীর্ঘ ৫৩ বছরে এই বিভাজন জাতির সর্বনাশ করেছে। এখন সময় জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার।”
পথসভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ক্বারী আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান মরহুম সংসদ সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল কাফি, বীরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা মোহাম্মদ হানিফ এবং সড়ক দুর্ঘটনায় নিহত খোদাবক্সকে স্মরণ করেন। পরবর্তী সময়ে তিনি মরহুম খোদাবক্সের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
পথসভা শেষে ডা. শফিকুর রহমান ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে যোগ দেন।
এর আগে রবিবার দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বস্তি পেয়েছে। অসংখ্য শহীদের রক্ত ও মজলুমদের ত্যাগের বিনিময়ে আমরা আজকের বাংলাদেশ পেয়েছি। জামায়াতের প্রতিটি সদস্যকে আমলী ও দাওয়াতি কাজ বাড়াতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম এবং সাবেক জেলা আমীর আলহাজ আফতাবউদ্দিন মোল্লা।
ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে দেশকে কল্যাণমুখী ও সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত করতে ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “জাতির প্রতি আমাদের দায়বদ্ধতা পূরণে সবাইকে একত্রিত হতে হবে।”
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।

